টুইটেই চাকরি খোয়ালেন ডেভেলপার
টুইটারের নতুন মালিক ইলন মাস্কের সিদ্ধান্তের বিরোধিতা করে টুইট করায় অতি উৎসাহি টুইটার ব্যাবহারকারীর খোঁচায় চাকরি খোয়ালেন টুইটারের অ্যান্ড্রয়েড সংস্করণ বিভাগের ডেভেলপার এরিক ফ্রনহফার। টুইটার ব্যবহার করেই তাঁকে বরখাস্ত করেছেন ইলন মাস্ক।
প্রযুক্তিবিষয়ক ভার্জের প্রতিবেদনে প্রকাশ, টুইটারের আয় বাড়াতে ‘নীল টিক’ নামের অ্যাকাউন্ট যাচাই করার সেবাও চালু করে পরে সমালোচনার মুখে তা বন্ধ করে ব্যবহারকারীদের কাছে ক্ষমা চেয়ে টুইট করেছিলেন মাস্ক। তাতে লেখেন, অনেক দেশে টুইটার ধীরগতির অ্যাপ। ইলন মাস্কের মন্তব্যটি ভালোভাবে নিতে পারেননি ডেভেলপার এরিক ফ্রনহফার। তিনি টুইট করে বলেন, মাস্কের মূল্যায়ন ঠিক নয়।
নিজের প্রতিষ্ঠানের কর্মীর এমন টুইট ঠিকভাবে নিতে পারেননি ইলন মাস্ক। পাল্টা টুইট করে তিনি ওই কর্মীর কাছে জানতে চান, তার মূল্যায়ন যদি ঠিক না হয়, তবে সঠিক মূল্যায়ন কী হবে? টুইটারের এ সমস্যাগুলো ঠিক করতে ডেভেলপাররা কী কী করেছেন?
টুইটারের কর্মীর সঙ্গে ইলন মাস্কের এ বাদানুবাদে অন্য ব্যবহারকারীরাও যুক্ত হন। কেউ কেউ নানা মিম প্রকাশ করতে শুরু করেন। অনেকেই ইলন মাস্কের পক্ষ নেন। ডেভেলপারদের কেউ কেউ ফ্রনহফারের পক্ষ নেন। তবে ইলন মাস্কের পক্ষের ব্যবহারকারীদের একজন ফ্রনহফারকে উল্লেখ করে লেখেন, মাস্কের মূল্যায়ন যে সঠিক নয়, সে বিষয়টি তাঁকে ব্যক্তিগতভাবে জানানো উচিত ছিল। তবে ফ্রনহফার দমে যাওয়ার পাত্র নন। তিনি টুইটের জবাবে লেখেন, ইলন মাস্কের উচিত ছিল বিষয়টি ব্যক্তিগতভাবে জানতে চাওয়া। তিনি ই-মেইলের মাধ্যমেও বিষয়টি জানতে চাইতে পারতেন।
এরপর ফ্রনহফারের জবাবটি ইলন মাস্ককে ট্যাগ করে এক ব্যবহারকারী লেখেন, এ ধরনের আচরণের কোনো ব্যক্তিকে আপনি কর্মী তালিকায় রাখবেন কি না? এর জবাবে ইলন মাস্কে লেখেন, তার চাকরি আর নেই।